সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে হঠাৎ করেই থাবা বসিয়েছে অত্যন্ত সংক্রামক ভাইরাস রোগ হাম। বিশেষ করে উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বুধিগাঁও গ্রামে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বুধিগাঁও গ্রামের বেশ কিছু শিশুর শরীরে হামের ধ্রুপদী লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করেছে। আক্রান্ত শিশুদের প্রথমে উচ্চ জ্বর, সর্দি, কাশি ও চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। পরবর্তীতে কানের পিছন থেকে শুরু হয়ে সারা শরীরে লালচে দানা বা র্যাশ ছড়িয়ে পড়ছে। এমনকি কিছু শিশুর ক্ষেত্রে মুখের চারপাশ ও ঠোঁটে গুরুতর ক্ষত বা ঘা দেখা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা জানান, হঠাৎ করে এই রোগ ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সময়মতো উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত দ্রুত ছোঁয়াচে একটি রোগ। সময়মতো সঠিক চিকিৎসা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করলে এটি শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, এমনকি নিউমোনিয়ার মতো জটিলতাও দেখা দিতে পারে।
এমতাবস্থায় বুধিগাঁও গ্রামসহ পুরো গোয়াইনঘাট উপজেলায় জরুরি ভিত্তিতে স্বাস্থ্য বিভাগের নজরদারি বাড়ানো, ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা এবং সচেতনতামূলক মাইকিং বা ক্যাম্পেইন পরিচালনার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।