যশোর জেলা বিএনপি কার্যালয়ে চালু হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা। বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক সোলার প্যানেল প্রকল্প উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি অনুসরণ করে জেলা বিএনপির নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়।
- শহরের লাল দীঘির পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে প্রথমবার দেশের কোনো রাজনৈতিক দলীয় কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন করা হলো। অন্য কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এমন ব্যবস্থা চালু হয়েছে কি না, তা তার জানা নেই। যশোর জেলা বিএনপির এই উদ্যোগ দেখে অন্যান্য রাজনৈতিক দল নিজ নিজ কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে আগ্রহী হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
- প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে জেলা বিএনপির কার্যালয়ে ২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল চালু করা হয়েছে। ভবিষ্যতে ছাদে আর একটি প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ সংরক্ষণের জন্য লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, যা প্রায় তিন ঘণ্টা ব্যাকআপ দিতে পারবে। পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।