পঞ্চগড়ের তেতুলিয়ায় পুলিশের যৌথ অভিযানে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের এক কর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম জাহিদুল ইসলাম জাহিদ (৩০)। তিনি বলরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহাজনপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আটোয়ারী ও পঞ্চগড় পুলিশের যৌথ অভিযান এবং তেতুলিয়া পুলিশের সহযোগিতায় তেতুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক ধারায় ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে।
সূত্রের দাবি, জাহিদুল ইসলাম জাহিদ বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইন কার্যক্রমে সক্রিয় ছিলেন। বলরামপুর ইউনিয়ন মুজিব সাইবার ফোর্সসহ একাধিক ফেক আইডির মাধ্যমে তিনি অনলাইন কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সাইবার ক্রাইম আইন, ২০২৫-এ মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমানের সঙ্গে কথা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন। বিস্তারিত জানতে চাইলে তিনি জানান, জাহিদকে সন্ত্রাসবিরোধী মামলায় আটক করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।