মো:রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে জেলা বিশ্ব ইজতেমার মাঠ পরিদর্শন করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন। এ সময় তিনি ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ১ নম্বর সলিমপুর ইউনিয়নের সলিমপুর সিডিএ আবাসিক মাঠে আয়োজিত জেলা বিশ্ব ইজতেমা পরিদর্শনে যান কাজী সালাউদ্দিন। এ সময় তিনি ইজতেমার সার্বিক পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন এবং প্রথম দিনে আগত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মতবিনিময়কালে কাজী সালাউদ্দিন বলেন, আমরা সীতাকুণ্ডবাসী গর্বিত যে মুসলমানদের ঈমান আকিদা পরিশুদ্ধ ও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজকরা কয়েক বছর ধরে এখানে জেলা বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছেন। এর মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মানুষও ইজতেমায় অংশ নিয়ে ইসলামের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন এবং নিজেদের ঈমান-আকিদা সম্পর্কে জানতে পারবেন।
তিনি আরও বলেন, আমাদের অনেকেরই দৈনন্দিন জীবনে চলাফেরা ও বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় দোয়া দরুদ জানা নেই। এই ইজতেমায় অংশগ্রহণের মাধ্যমে মুসল্লিরা সহিহ দোয়া ও ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জনের সুযোগ পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।