বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউনিয়নের সোনাখালী ১নং ওয়ার্ড ও গজালিয়া ৮নং ওয়ার্ডের সংযোগস্থলের পোলটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ঝুঁকিপূর্ণ এই পোলটি দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থীসহ পথচারীদের।
পোলটির দক্ষিণ পাশে রয়েছে আজিজিয়া সিনিয়র মাদ্রাসা এবং উত্তর পাশে ১৮৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীকে ঝুঁকিপূর্ণ পোলটি পার হয়ে বিদ্যালয় ও মাদ্রাসায় যাতায়াত করতে হয়। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে, গজালিয়া ৮নং ওয়ার্ডের সংযোগ সড়কটিও দীর্ঘদিন ধরে মাটির অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদায় পরিণত হয়। ফলে শিক্ষার্থী, রোগী, নারী, বৃদ্ধসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় কাদার কারণে যানবাহন চলাচলও ব্যাহত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পোলটি সংস্কার ও সড়কটি উন্নয়নের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত পোলটি সংস্কারের পাশাপাশি সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পোলটি সংস্কার এবং সড়কটি উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে এলাকাবাসী।