“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে ফেনীর পরশুরামে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগ, পরশুরামের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসন, বন বিভাগ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়ার সভাপতিত্বে এবং বন কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাফায়েত আখতার নূর, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি ও পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। তারা পরিবেশ রক্ষায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও এর নিবিড় সম্পর্ক রয়েছে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যা করতে হবে।