দোয়ারাবাজার, সুনামগঞ্জ
দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নের আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন তেরাপুর হিলফুল ফুজুল একতা যুব সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।বিরল ও মারাত্মক জিবিএস(Guillain-Barré Syndrome) ভাইরাসে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সুজিনা নামের এক অসচ্ছল তরুণীর উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি।
সংগঠন সূত্রে জানা গেছে, সুজিনার চিকিৎসার জন্য প্রাথমিক তহবিল হিসেবে নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি স্থানীয় এক সংক্ষিপ্ত ও আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদানের অর্থ সুজিনার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সংগঠনের সিনিয়র উপদেষ্টা এবং নরসিংপুর ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি মেম্বার) জনাব ইউনুস আলী সাহেব নিজে উপস্থিত থেকে সুজিনার বৃদ্ধ পিতা জনাব সুন্দর আলী সাহেবের হাতে এই সহায়তার নগদ অর্থ তুলে দেন। অর্থ গ্রহণকালে সুজিনার বাবা অশ্রুসিক্ত নয়নে সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
সৌদি প্রবাসী উপদেষ্টা রইস উদ্দিন এর আহ্বানে সুজিনার সু চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে তহবিল ঘোষণায় প্রধান উপদেষ্টা মাসুক মিয়া, সিনিয়র সহ সভাপতি নুরুজ্জামান, সেক্রেটারি হাফিজ আলিম উদ্দিন, কোষাধ্যক্ষ নাহিয়ান নাহিদ সহ আরো অনেক সদস্য বৃন্দ খুবি দ্রুত এই প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করেন।
নগদ অর্থ হস্তান্তরকালে ইউপি সদস্য জনাব ইউনুস আলী সাহেব বলেন, মানুষ মানুষের জন্য। সুজিনা আমাদেরই সন্তান। তার এই কঠিন রোগ এবং পরিবারের অসহায়ত্ব আমাদের সবাইকে ব্যথিত করেছে। সরকারের পাশাপাশি আমাদের মতো সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে একটি বিপন্ন পরিবার আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। তেরাপুর হিলফুল ফুজুল একতা যুব সমাজ কল্যাণ সংস্থা সব সময়ই বিপদে মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, জিবিএস একটি অত্যন্ত জটিল ও ব্যয়বহুল রোগ। এই কঠিন মুহূর্তে সুজিনার পরিবারের পক্ষে একা চিকিৎসার খরচ চালানো প্রায় অসম্ভব। আমরা মহান আল্লাহ পাকের দরবারে সুজিনার দ্রুত ও পূর্ণ রোগমুক্তির জন্য আকুল ফরিয়াদ জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেন।
তেরাপুর হিলফুল ফুজুল একতা যুব সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ সমাজের সর্বস্তরের বিত্তবান, প্রবাসী এবং মানবিক ব্যক্তিবর্গকে সুজিনার চিকিৎসায় আরও বড় পরিসরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তারা উল্লেখ করেন যে, প্রদত্ত এই সাহায্যটি চিকিৎসা প্রক্রিয়ার একটি প্রাথমিক অংশ মাত্র, সুজিনাকে পুরোপুরি সুস্থ করে তুলতে আরও বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন। সংগঠনটি আশা প্রকাশ করে যে, তাদের এই উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়ে অন্যান্য সামাজিক সংগঠন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও সুজিনার জীবন বাঁচাতে এগিয়ে আসবেন।