মো: মামুন রহমান উপজেলা প্রতিনিধি, আটোয়ারী পঞ্চগড়।
পঞ্চগড়ের আটোয়ারীতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠন এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় “গ্রিন বাংলাদেশ ক্যাম্পেইন-২০২৬” ও নলকূপ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ছওয়াব (SAWAB) বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
শনিবার আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: মমতাজ বেগম, প্রধান শিক্ষক, ৫১ নং চুচুলী সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সভাপতিত্ব করেন তানভীর আহম্মদ শুভ, সিনিয়র প্রোগ্রাম অফিসার, ছওয়াব বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সাদ্দাম হোসাইন, শালশিড়ি জামে মসজিদের ইমাম মো: আব্দুর রশিদ, প্রোজেক্ট অফিসার শাহাজুল ইসলাম, ফটোগ্রাফার হৃদয় আহমেদ পাপ্পু এবং জেলা কো-অর্ডিনেটর মো: লিয়াকত আলী।
অনুষ্ঠানে আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি গ্রামীণ জনপদে নিরাপদ ও বিশুদ্ধ পানির নিশ্চয়তায় নলকূপ স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। “ওয়ান ফ্যামিলি, টু ট্রিজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবারভিত্তিক বৃক্ষরোপণের প্রতি সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
পরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নলকূপ সামগ্রী বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।