মোঃ শফিকুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামে আসিফ নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ ( বৃহস্পতিবার ১৪ মে)সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি এলাকায় গজারি বনের পাশে স্থানীয়রা গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় হত্যার পর তাঁর মরদেহ জঙ্গলে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলের পাশে এক নারীর ওড়না, জোড়া জুতা ও মাথার চুলের ব্যান্ড পড়ে থাকতে দেখা গেছে।
নিহত মেহেদী হাসান আসিফ উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মোঃ জাকিরের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
নিহতের আসিফের মা আছমা বেগম বলেন, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তাঁর ছেলে। প্রতিদিন রাত ১১টার মধ্যেই তিনি বাড়ি ফিরতেন। কিন্তু গতকাল রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়।
তিনি বলেন, পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয় এবং অন্য অটোরিকশাচালকদের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে তাঁর অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এতে পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। পরে সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকায় তাঁর গলাকাটা মরদেহ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। লাশের পাশে বিভিন্ন আলামত বিশ্লেষণ করে হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।