নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলার কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক জমকালো পরিচিতি ও মতবিনিময় সভায় আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও জেলা শহর থেকে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সকাল থেকেই প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। পরিচিতি সভা পরিণত হয় এক মিলনমেলায়। এতে জেলার জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং নবীন সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক ডা. মো. বোরহান উদ্দিন আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মো. লিয়াকত আলী খানকে সভাপতি এবং দৈনিক দিনকাল-এর নোয়াখালী প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— দৈনিক আমার দেশ-এর নোয়াখালী প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া সিনিয়র সহ-সভাপতি, এটিএন বাংলার নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিক, চলতি ধারা সম্পাদক এম বি আলম ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এহসানুল হক খসরু সহ-সভাপতি, দৈনিক কালবেলা প্রতিনিধি মো. মোজাম্মেল হোসেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, দৈনিক খবরপত্র প্রতিনিধি আবদুস শাকুর হান্নান, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি মো. ইমাম উদ্দিন আজাদ এবং দৈনিক উপকূল সম্পাদক ও প্রকাশক মো. ইদ্রিস মিয়া সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া ইসলামিক টিভির জেলা প্রতিনিধি মো. কামরুল কানন কোষাধ্যক্ষ, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জুয়েল রানা লিটন সাংগঠনিক সম্পাদক, এখন টিভির স্টাফ রিপোর্টার নাসিম শুভ দপ্তর সম্পাদক, স্টার নিউজ জেলা প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া রাহাত সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, ঢাকা মেইল ও টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো. হাসান আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হন।
নতুন কমিটিতে আরও ১৮ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে। তারা হলেন— আকাশ মো. জসিম, আবদুর রহিম বাবুল, মো. মোজাম্মেল কামাল, আজাদুল ইসলাম, মিজানুর রহমান রিয়াদ, এমএস রিজোয়ান, এম এস জামাল, মো. আনোয়ার তোহা, জহিরুল হক জহির, মো. সালাহ উদ্দিন, রনি কুমার দাস, মোহাম্মদ হোসেন, মো. ইব্রাহিম, মুজাহিদুল ইসলাম সোহেল, হানিফ মাহমুদ, আবদুল কাইয়ুম মানিক, সিরাজ উদ্দিন শাহীনসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। তারা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব এবং নৈতিকতা বজায় রাখতে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন কার্যকর ভূমিকা পালন করবে।
সভায় সাংবাদিকদের কল্যাণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— তরুণ সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, আইনি সহায়তা সেল গঠন, পেশাগত ঝুঁকিতে থাকা সদস্যদের সহযোগিতা প্রদান এবং আপদকালীন সহায়তা তহবিল গঠন।
নবনির্বাচিত সভাপতি মো. লিয়াকত আলী খান বক্তব্যে বলেন, “নোয়াখালীর সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখাই হবে আমাদের মূল লক্ষ্য।”
সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে আমরা কাজ করবো। বিশেষ করে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রও দুর্বল হয়ে পড়ে। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরিচিতি সভা শেষে এক আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত সাংবাদিক, অতিথি ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।