মোঃ শফিকুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামে শিশু ধর্ষণের অভিযোগে জয়নাল আবেদীন নামের এক বিএনপি নেতাকে ইউপির সদস্যের নেতৃত্বে মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
গত শনিবার মারধরের শিকার বিএনপি নেতা জয়নাল আবেদীন (৬০) সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং মঙ্গলবার রাতে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির আহমদ বলেন, মারধরের দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে শিশুর পরিবার পলাতক রয়েছে।
জানাগেছে,নিহত জয়নাল আবেদীন উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের নইমুদ্দিনের ছেলে। তিনি প্রহলাদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন।
নিহত জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসেন বলেন, গত শনিবার ফাওগান বাজারের পাশে এক শিশুকে বাবা ধর্ষণ করেছেন বলে অভিযোগ তোলা হয়। এই অভিযোগে বাবাকে ডেকে নেন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাশিদুল ইসলাম। ফাওগান বাজারের পাশে স্কুলমাঠে নিয়ে যান বাবাকে। স্কুলমাঠে নিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন। এভাবে বাবাকে তিন দফা পিটিয়ে গুরুতর আহত করে বাজারের পাশে তমিজ ডাক্তারের ওষুধের দোকানের সামনে ফেলে যান।
অনেক কষ্ট করে একটি অটোরিক্সা যোগে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।
এ বিষয়ে প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মো. রাশিদুল ইসলাম বলেন, বাজারের পাশের এক শিশুর অভিভাবক আমার কাছে শিশু ধর্ষণের ঘটনা জানানোর পর আমি জয়নাল আবেদীনকে স্কুলমাঠে ডেকে নিই। সঙ্গে সঙ্গে শিশুর স্বজনসহ লোকজন গিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমি মারধর করেছি, এটা সঠিক নয়।
শ্রীপুর থানার ওসি মোঃ নাছির আহমদ জানান,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।