দিনাজপুর প্রতিনিধি: মোঃ হারুনুর রশিদ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে পারিবারিক কলহের জেরে আনোয়ার মোল্লা (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই এক পর্যায়ে সোমবার নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, ফুলবাড়ীতে দিন দিন আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সচেতন মহল পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধানে সবাইকে আরও মানবিক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।