বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর উদ্যোগে একটি মানবিক মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে ২০২৬) ব্যাটালিয়নের সদর ১নং জিপি গেইট সংলগ্ন এলাকায় আয়োজিত এ ক্যাম্পেইনে পাহাড়ী ও বাঙালী জনগোষ্ঠীর প্রায় ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক এর দিক-নির্দেশনায় এবং ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উজ্জিন আহমেদ, এএমসি এর তত্ত্বাবধানে এই মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পেইনে নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য এলাকার পাহাড়ী ও বাঙালী জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। এরই ধারাবাহিকতায় চিকিৎসাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
এসময় বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।