মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।
বাগেরহাটের চিতলমারীতে বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে জুস কেনাকে কেন্দ্র করে তুচ্ছ তর্কের জেরে মুজাহিদ মোল্লা (৪০) নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ০৭ টার দিকে চিতলমারী উপজেলার হিজলা গ্রামে মুজাহিদ মোল্লার নিজ বাড়ির সামনের দোকানে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী বাইজিদ ইজারাদার নামে এক ব্যক্তি মুজাহিদের দোকান থেকে একটি জুস কেনেন। জুসটি ভালো নয় বলে বাইজিদ অভিযোগ করলে দোকানদার মুজাহিদ নিজেই সেটি খেয়ে দেখেন এবং বলেন যে এটি ভালো আছে। এই নিয়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাইজিদ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা 'হাসুয়া' (দেশীয় অস্ত্র) দিয়ে মুজাহিদের গলায় কোপ দিলে উক্ত কোপে মুজাজিদ নিহত হয়ন ।নিহত মুজাহিদ মোল্লা হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন বলে চিতলমারী উপজেলা জামায়াতের আমির জানিয়েছেন,তিনি আরো জানিয়েছেন ঘাতক বাইজিদ একজন সন্ত্রাসী ও নিষিদ্ধ আওয়ামীলীগ কর্মী।
ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত বাইজিদকে আটক করে পুলিশে সোপর্দ করে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন যে, ঘাতককে গ্রেফতার করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত ও মুজাহিদ হত্যার বিচার দাবি করছেন।